সুন্দরবনে হরিণের খণ্ডিত মাথা ও ফাঁদসহ শিকারি আটক

সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামে এক যুবককে আটক করেছে বন বিভাগ। এ সময় তার কাছ থেকে হরিণের খণ্ডিত মাথা এবং শিকারের ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গত সোমবার রাতে সুন্দরবনের ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আয়াতুল্লাহ গাজী কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আব্দুল কুদ্দুস গাজীর ছেলে। বানিয়াখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বন বিভাগ সূত্র জানায়, সোমবার রাতে খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ডিঙি নৌকায় থাকা হরিণের খণ্ডিত মাথা, আনুমানিক দেড় কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট জব্দ করা হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।




