চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা

বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার সদর উপজেলায় বিল পাহারা দেওয়ার সময় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত ব্রক্তির নাম বদর উদ্দিন (৫৫)। তিনি উপজেলার গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিল পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে পাহারা দেওয়ার সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ ভোরে স্থানীয় বাসিন্দারা মাঠে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।




