‘কোরবানিতে এবার বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারব’

ছবি: আগামীর সময়
শারীরিক প্রতিবন্ধী নুর জাহান বেগম জেলা পরিষদ থেকে ১০ হাজার টাকার চেক পেয়ে দারুণ খুশী। তার আনন্দের কারণ এবার কোরবানিতে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারবেন। এই টাকা দিয়ে সন্তানদের নতুন জামা আর কিছু ভালো খাবার কিনবেন তিনি।
চেক পেয়ে নিজের অনুভূতি এভাবেই প্রকাশ করলেন নুর জাহান। তার মতো ১০৬ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে ৭ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করেছে পটুয়াখালী জেলা পরিষদ।
আজ রবিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে চেক বিতরণ করেন জেলা প্রশাসক স্নোহাংশু সরকার কুট্টি।
শুধু চেক নয়, বৃষ্টিতে ভিজে যেসকল রিকশাচালক কষ্ট করে জীবিকা নির্বাহ করেন এমন ১০০ জনকে দেওয়া হয়েছে রেইনকোট।
রেইনকোট পেয়ে খুশিতে আত্মহারা ১৫ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সোবাহান মিয়া। জানালেন, বৃষ্টির সময় খ্যাপ ( যাত্রী ) বেশি হয়, কিন্তু বেশিক্ষণ ভিজতে না পারায় যাত্রী বহন করতে পারি না। আজকে এটি পেয়ে খুব ভালো হয়েছে। এহন বৃষ্টির মধ্যে বেশি খ্যাপ টানতে পারব।
অপরদিকে জেলা পরিষদের মালিকানাধীন সকল খেয়া মাঝিদের মধ্যে ৩০০ লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।
এ ছাড়া জেলার ৮টি উপজেলায় লটারির মাধ্যমে পাওয়া ৮০টি টিউবয়েল সংশ্লিষ্ট ঠিকাদারদের মধ্যে বরাদ্দ দেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান ও জেলা বিএনপি নেতা মোশতাক আহমেদ পিনুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময়।
অনুষ্ঠানে স্নেহাংশু সরকার কুট্টি জানান, বর্তমান সরকার মানবদরদি হওয়ায় ঈদুল আজহায় দুস্থদের মুখে হাসি ফোটাতে এই আয়োজন।






