পুলিশের গাড়ি ভাঙচুর করে ছিনিয়ে নেওয়া হলো আওয়ামী লীগ নেতাকে

আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদ
সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতকড়া পরা এক নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ জনসহ মোট ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছিনিয়ে নেওয়া ব্যক্তি জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে আটক করে থানায় নেওয়ার পথে করিছের ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ জাকারিয়াকে ছিনিয়ে নেয় তারা।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই রাতেই ৬০ জনের বিরুদ্ধে মামলা করে। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর ধলাইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে মো. শাদ উদ্দিন (৪৮), ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে মো. আজিজুর রহমান (৪৫), জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, শিকারখা গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে ফাহিম আহমদ (২৫)।
মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের গাড়ির গতিরোধ করার পর হামলাকারীরা পুলিশ সদস্যদের ওপর চড়াও হয় এবং গাড়িতে ভাঙচুর চালায়। একপর্যায়ে একাধিক মামলার আসামি জাকারিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় তারা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ছিনিয়ে নেওয়া আসামি ও হামলার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।



