দিনাজপুরে ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত

ছবি: আগামীর সময়
গত কয়েক দিনের মতো আজও দিনাজপুরের আকাশ মেঘলা রয়েছে। রোদের দেখা না মিললেও মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে, তবে এমন আবহাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
দিনাজপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, আজ থেকে এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তবে মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
তিনি উল্লেখ করেন, মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টিপাত বেশি হলেও তৃতীয় ও চতুর্থ সপ্তাহে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমতে পারে। একই সঙ্গে তাপমাত্রা ও গরমের তীব্রতা বাড়ার আশঙ্কাও রয়েছে।




