গাছ কাটার প্রতিবাদ করায় বৃদ্ধকে বেঁধে মারধরের অভিযোগ

গ্রাফিকস: আগামীর সময়
বরগুনার পাথরঘাটায় বাড়ির বাগানের গাছ কাটার প্রতিবাদ করায় এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে তাকে। আহত অবস্থায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাকে। রবিবার (১০ মে) সকাল ৯টার দিকে উপজেলার রায়হানপুর এলাকায় ঘটে এ ঘটনা। বৃদ্ধের নাম সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় সৈয়দ সুমনের নেতৃত্বে কয়েকজন তাদের বাড়িতে ঢুকে বাগানের গাছ কাটতে শুরু করেন। গাছ কাটার কারণ জানতে চাইলে মোয়াজ্জেম হোসেনকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও হাতুড়ি দিয়ে হাত-পা, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন সুমন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তাকে।
মোয়াজ্জেমের মেয়ে মাইসা মরিয়মের অভিযোগ, গাছ কাটতে বাধা দেওয়ায় নির্মমভাবে মারধর করা হয়েছে তার বাবাকে। ঘটনার পর থেকে তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দ সুমন দাবি করেছেন, নিজের জমির গাছ কেটেছেন তিনি। সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে নির্যাতনের অভিযোগ সত্য নয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।




