জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার আমির হামজার চাচা

আমির হামজা এমপি ও আব্দুল মালেক সর্দার
কুষ্টিয়ায় চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন আব্দুল মালেক সর্দার। তিনি সম্পর্কে সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা ও পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার মধ্যরাতে পাটিকাবাড়ি থেকে আব্দুল মালেক সর্দারকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। আজ সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আব্দুল মালেক সর্দারকে গ্রেপ্তার করা হয়। তিনি পাটিকাবাড়ি এলাকার মৃত আমির সর্দারের ছেলে।
দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বে ছিলেন আব্দুল মালেক সর্দার। তিনি এমপি আমির হামজার বাবা মোহাম্মদ রিয়াজ উদদীন সর্দারের চাচাতো ভাই।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন আগামীর সময়কে বলেন, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে আব্দুল মালেক সর্দারকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে এমপি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।




