চাঁদপুর সাব-রেজিস্ট্রি অফিসে হঠাৎ হাজির এমপি মানিক

সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শনে চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ
চাঁদপুর সাব-রেজিস্ট্রি অফিসে হঠাৎ পরিদর্শনে গেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। ঘুষ, অতিরিক্ত অর্থ আদায় ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে তার এই পরিদর্শন। আজ মঙ্গলবার সকালে এমপির হঠাৎ উপস্থিতিতে অফিসে সৃষ্টি হয় চাঞ্চল্য।
এ সময় অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন শেখ ফরিদ আহমেদ মানিক। কথা বলেন সাধারণ গ্রাহকদের সঙ্গে। তাদের অভিযোগ শুনে প্রকাশ করেন ক্ষোভও।
সেবাগ্রহীতাদের অভিযোগ, দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে আদায় করা হয় বাড়তি টাকা। তা দিতে না চাইলে নানা অজুহাতে ঝুলিয়ে রাখা হয় ওই গ্রাহকের কাজ। এ ছাড়া হয়রানির শিকার হওয়া ও দালাল চক্রের দৌরাত্ম্যের কথাও তুলে ধরেন অভিযোগকারীরা।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এসব বিষয়ে কঠোরভাবে সতর্ক করলেন এমপি মানিক। ‘সরকারি নিয়মের বাইরে নেওয়া যাবে না অতিরিক্ত একটি টাকাও। জনগণকে হয়রানি করে পার পাবে না কেউ। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করলে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।’
‘সরকারি অফিস সাধারণ জনগণের সেবা দেওয়ার জন্য। জনগণকে হয়রানি করার জন্য নয়। মানুষ যেন সহজে ও স্বচ্ছভাবে সেবা পায়, তা নিশ্চিত করতে হবে’— যোগ করেন তিনি।
অভিযোগকারীদের সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএনপির এই সাংসদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অফিসের সার্বিক কার্যক্রমে নজরদারি জোরদারের নির্দেশও দেন তিনি।




