আলিমের ফল প্রকাশের পরদিনই বাসচাপায় প্রাণ গেল সাকিবের

সাকিব ব্যাপারী
সারা দেশে শিক্ষার্থীদের ফলাফলে ভরাডুবি হলেও আলিম পরীক্ষায় পাসের আনন্দ ঘিরে পরিবারে ছিল উচ্ছ্বাস। কিন্তু সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২১ বছর বয়সী সাকিব ব্যাপারীর। লক্ষ্মীপুরের রামগঞ্জে বিআরটিসির একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী সাকিব নিহত হয়েছেন।
আজ রবিবার দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পদ্মা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানালেন, কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাকিব। এ সময় বিআরটিসির একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহত সাকিব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকার বক্স আলী ব্যাপারী বাড়ির আনিছুর রহমানের একমাত্র ছেলে। তিনি রামগঞ্জের সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামের একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কাজ করতেন।
পরিবারের সদস্যরা জানালেন, শনিবার ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে লামচরী রায়পুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৩.১৪ পেয়ে উত্তীর্ণ হন সাকিব। চলতি বছর সারা দেশে ফলাফলে ভরাডুবি হলেও সাকিব পাস করায় পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল। তবে সেই আনন্দের এক দিনের মাথায় তার মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোক।
এদিকে সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রামগঞ্জের প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। তারা দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানান। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বললেন, দুর্ঘটনার বিষয়ে তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।



