টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পূর্ব হাজীপুর এলাকায় টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ আলী (৪০) নামে এক স্কুল দপ্তরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে হাজীপুর কবরস্থান রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন। নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ছিলেন। তিনি পূর্ব হাজীপুর এলাকার মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে।
আহতরা হলেন জুয়েল (২৮) ও জামান (৪৭)। তাদের মধ্যে জুয়েলকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এবং জামানকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব হাজীপুর কবরস্থান রোডের বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। এ সময় টিউবওয়েলের দীর্ঘ লোহার পাইপ ওপরে তোলার সময় অসাবধানতাবশত মাথার ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে পাইপ ধরে থাকা আহমদ আলীসহ তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ২০ মিনিটের দিকে আহমদ আলীকে মৃত ঘোষণা করেন।
আহমদ আলীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




