৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আগামীর সময়
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল ১০টা ১৩ মিনিটের দিকে গাজীপুরের গাজীপুরা সাতাইশ এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশের পোশাক কারখানাগুলোতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। কারখানার নিরাপত্তার কথা বিবেচনা করে আশপাশের পোশাক কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।




