রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

প্রতীকী ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাসানী তিস্তা সেতুর উত্তরপ্রান্তে শহরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মালেকা উপজেলার ডাঙ্গারচর গ্রামের পশু চিকিৎসক মনছুর আলীর স্ত্রী। তাদের তিনটি মেয়ে আছে।
সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের এস আই মো. জুলিয়াস রহমান জানান, দুপুর দেড়টার দিকে মালেকা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মোটরসাইকেল আরোহীকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শহরের মোড় এলাকায় প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে। সড়কে গতি নিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়ানো না গেলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।
এস আই বলেছেন, ‘মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’







