বাঘাইছড়িতে সন্দেহজনক তিন ড্রোন লক্ষ্য করে বিজিবির গুলি

ছবি: আগামীর সময়
রাঙামাটির বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যময় তিনটি ড্রোন লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৭ বিজিবি)।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ২৭ বিজিবির মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর ড্রোনগুলো দেখতে পেয়ে এ পদক্ষেপ নেওয়া হয়।
২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে হঠাৎ জোনের হেলিপ্যাডের ওপর তিনটি রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়। এ সময় আশপাশের সব বিওপি ক্যাম্পকে সতর্ক করা হয়।
তিনি আরও জানান, পরে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের দিকনির্দেশনায় ড্রোনগুলোকে ভূপাতিত করার লক্ষ্যে এলএমজি দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলির পর ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে দূরে সরে যায়।
তিনি আরও জানান, পাহাড়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে অজ্ঞাত কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে কি না, সে বিষয়টি বিবেচনায় নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেছেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। এ লক্ষ্যে সব বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।



