কালকিনি
বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের আগুনে পুড়ল সাধারণ মানুষের স্বপ্ন

ছবি: আগামীর সময়
মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর এবার সাধারণ মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ১২টার পর উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত পাঁচটি বাড়ি ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এসব ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। এ ছাড়া একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি তাদের।
আজ শনিবার বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা এসব তথ্য জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কালকিনি পৌরসভার ঠেঙ্গামারা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে যুবদল নেতা শামীম বেপারী ও হাসান মাতুব্বরের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় দফায় দফায় হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিএনপির একাংশের নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের পক্ষে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন নেতাকর্মী হামলায় অংশ নেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার সুযোগে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। কোথাও ভাঙচুর, কোথাও বোমা নিক্ষেপ, আবার কোথাও নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটে।
উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের শিকারমঙ্গল বাজারসংলগ্ন ব্যবসায়ী জামাল রাঢ়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। জামাল রাঢ়ীর দাবি, দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। এ সময় তার নতুন মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়।
অন্যদিকে, কালকিনি পৌরসভার ঠেঙ্গামারা এলাকায় অন্তত তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এসব বাড়ি থেকে প্রায় ৭০ লাখ টাকার সম্পদ লুট হয়েছে বলে দাবি তাদের। এ সময় বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ইলিয়াস বালির একটি ভাঙারির ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে প্রতিষ্ঠানটির মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রতিষ্ঠানটির মালিকের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে পাঁচটি বাড়ি ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, রাজনৈতিক দুই পক্ষের সংঘর্ষের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। তারপরও তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে মূল্যবান মালামাল লুট করা হয়েছে। এতে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, হামলার ঘটনায় তারা আতঙ্কিত। নিরাপত্তার অভাবে অনেকেই থানায় অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না। তাদের আশঙ্কা, আইনি প্রতিকার চাইতে গেলে নতুন করে হামলার শিকার হতে পারেন। ফলে ক্ষতিগ্রস্ত হয়েও তারা অসহায় অবস্থায় রয়েছেন।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে বিক্ষোভ মিছিল ও সংঘর্ষে জড়ানোর সুযোগ পেলেন, তা তাদের বোধগম্য নয়। পুলিশের দায়িত্ব পালনে কোনো দুর্বলতা ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের আরও অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির কিছু নেতা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এ কারণে তারা এমন কর্মকাণ্ড চালানোর সাহস পাচ্ছেন।
স্থানীয় বিএনপি নেতা সালাম মাতুব্বর বলেন, ‘এ ঘটনার সঙ্গে পুলিশ প্রশাসন সরাসরি জড়িত বলে আমরা মনে করি। পুলিশ আগে থেকেই জানত, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোনো সময় সহিংসতা সৃষ্টি করতে পারেন। এ ধরনের তথ্য থাকার পরও কেন আগেভাগে তা প্রতিহত করা হলো না? সুষ্ঠু তদন্ত হলে পুলিশের কেউ জড়িত কি না, তা বেরিয়ে আসবে।’
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান মাহমুদ বলেন, ‘ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




