‘শোকাবহ আগস্ট’ ব্যানারসহ ৬ কিশোর গ্রেপ্তার, মামলা সন্ত্রাসবিরোধী আইনে

ফাইল ছবি
ময়মনসিংহের নান্দাইলে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ছয় কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর ডেকুরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনাস্থল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ছবি সংবলিত একটি ব্যানার জব্দের কথা জানান নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে- ওই এলাকায় অ্যাডভোকেট আবদুল খালেক দাদনের বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা জড়ো হয়েছেন। তারা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন।
নান্দাইল মডেল থানার পুলিশ অভিযানে গেলে পালানোর চেষ্টা করে ওই ছয়জন। তাদের আটক করে থানায় নেওয়া হয়। তাদের বাড়ি কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, ওই বাড়ি থেকে উদ্ধার করা কয়েকটি ব্যানারে ‘শোক থেকেই শক্তি’, ‘শোকবহ আগস্ট’, ‘বিক্ষোভ মিছিল’ লেখা। আয়োজক হিসেবে লেখা- ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কিশোরগঞ্জ জেলা শাখার’ নাম।
ছয়জনকে থানায় নেওয়ার পর আজ মঙ্গলবার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা দেওয়া হয়।
ওসি আজহারুল বললেন, ‘নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’






