সিরাজগঞ্জ
আদালতের বারান্দা থেকে লাফিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার

আসামি আব্দুল মোমিন ওরফে বড় গ্যাদা
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামি আব্দুল মোমিন ওরফে বড় গ্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার ছাতিয়ানতলি বাজারের পাশের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বিষয়টি আগামীর সময়কে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুল মোমিন (২২) সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়ার আব্দুস সবুরের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মোমিন। আদালতে হাজিরার জন্য কারাগার থেকে তাকে কয়েকজন আসামির সঙ্গে হাজতখানায় রাখা হয়েছিল।
সেসময় হাজতখানার ভেতরে থাকা আরেক আসামির হাতকড়া খোলার সময় আব্দুল মোমিন গেটে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান। পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
ঘটনার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। দুই দিন পর শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে এ ঘটনা তদন্তে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফকে প্রধান করে ৩সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।






