খুলনায় যুবককে গুলি করে ল্যাপটপ নিয়ে গেল দুর্বৃত্তরা

আহত সালমান
খুলনার নিরালা এলাকায় এক যুবককে গুলি করে ল্যাপটপ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর ১৭ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ যুবকের নাম মো. সালমান (২৩)। তিনি নগরীর ১৬ নম্বর সড়কের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল কোম্পানির কর্মচারী।
স্থানীয় কয়েক জনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ১৭ নম্বর সড়কে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল কোম্পানির সামনে কাজ করছিলেন সালমান। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পেটের বাঁ পাশে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা তার ব্যাগে থাকা ল্যাপটপ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানিয়েছেন, যুবককে গুলি করে ল্যাপটপ ছিনিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযানও চালানো হচ্ছে।




