আ.লীগের সন্ত্রাসের বিরুদ্ধে বাগেরহাটে বিএনপির মোটরসাইকেল র্যালি

ছবি: আগামীর সময়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বাগেরহাটে সমাবেশ ও মোটরসাইকেল র্যালি করেছে বিএনপি।
আজ শনিবার বিকালে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে মিছিলের আগে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা যুবদলের সভাপতি সুজা উদ্দিন মোল্লা সুজনসহ দলীয় নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, সীমান্ত এলাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে মানুষ প্রস্তুত রয়েছে। পাশের দেশ থেকে কেউ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে ধরে ফেরত পাঠানো হবে। শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে বলেও মন্তব্য করেন তারা।
এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে শহরে মোটরসাইকেল র্যালি বের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।




