মাদক-জুয়ার মামলা ও উন্নয়নকাজে কঠোর হওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সংগৃহীত ছবি
সিলেটে মাদক ও অনলাইন জুয়াসংক্রান্ত মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা এবং সরকারি উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট সার্কিট হাউসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত নবনিযুক্ত সরকারি কৌঁসুলি (পিপি) ও সরকারি আইন কর্মকর্তাদের (জিপি) সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন মন্ত্রী।
তিনি বলেন, মাদক ও অনলাইন জুয়া সমাজের জন্য ভয়াবহ সমস্যা। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করা এবং অনলাইন জুয়ার বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে, যাতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা সহজে জামিন পেয়ে আবারও অপরাধে জড়াতে না পারে।
মন্ত্রী আরও বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জন্য নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। সমাজে সংঘটিত অপরাধের একটি উল্লেখযোগ্য অংশের সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে। অন্যদিকে, অনলাইন জুয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এর ফলে অনেকে সারাদিনের উপার্জন হারাচ্ছেন। নেতিবাচক প্রভাব পড়ছে তাঁদের পরিবার, বিশেষ করে স্ত্রী ও সন্তানদের ওপর। তাই এসব মামলা পরিচালনায় সরকারি আইন কর্মকর্তাদের বিশেষ সতর্কতা ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের উদ্দেশে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পিপি, জিপি, এজিপি ও এপিপিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপ্রার্থী মানুষের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা যাবে না। তবে রাজনীতির পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাস, দখলদারত্ব, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা যথাযথ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে। এসব অপরাধের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা পিপি আশিক উদ্দিন এবং পিপি মমিনুল ইসলাম মমিন। এ ছাড়া আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় আরসিসি পদ্ধতিতে চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, সরকারি উন্নয়নকাজে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উন্নয়নকাজ দ্রুত শেষ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশনের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
এ সময় ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী এবং সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।




