ময়মনসিংহে হাই-টেক পার্কের কাজে গতি

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহ নগরের খাগডহর রহমতপুর এলাকায় নির্মাণাধীন হাই-টেক পার্কের কাজ আবার শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের লোকজন প্রকল্প এলাকায় কাজ শুরু করেছেন।
তবে ভবনের মূল কাঠামোর কাজ শেষ হলেও বিদ্যুৎ, দরজা-জানালা, মেঝের টাইলসসহ বেশ কিছু কাজ এখনো বাকি। পুরো প্রকল্প শেষ করতে আরও প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এজন্য প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রক্রিয়া চলছে।
তথ্যপ্রযুক্তির প্রসার এবং তরুণদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে হাই-টেক পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০২০ সালে। ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে প্রায় সাত একর জমির ওপর ১৫৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে প্রকল্পটি।
নির্মাণকাজের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এলঅ্যান্ডটি। প্রকল্পের আওতায় সাততলা একটি ভবন নির্মাণ করা হচ্ছে। প্রতিটি তলায় প্রায় ১৫ হাজার বর্গফুট জায়গা রয়েছে। শুরুতে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু এর মধ্যেও কাজ শেষ হয়নি।
প্রকল্পটি শেষ হলে প্রতি বছর অন্তত এক হাজার তরুণ-তরুণীর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে বলে আশা সংশ্লিষ্টদের।
প্রকল্পের বর্তমান কার্যসহকারী সৈয়দ শাহীন মিয়া বললেন, ‘নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে প্রকল্প এলাকায় প্রায় ২৫ জন শ্রমিক কাজ করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনও রয়েছেন।’
সৈয়দ শাহীন মিয়ার তথ্য অনুযায়ী, প্রকল্পের প্রায় ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। পার্ক চালুর জন্য যন্ত্রপাতির অধিকাংশ বিদেশ থেকে আনার কথা রয়েছে। কিছু যন্ত্রাংশ এরই মধ্যে এসেছে। দ্রুত এসব কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।



