বালুর নিচে কোটি টাকার ভারতীয় পণ্য
- মাধবপুরে শাড়ি কসমেটিকস, মদ ও গাঁজা জব্দ

ফাইল ছবি
হবিগঞ্জের মাধবপুরে ডাম্পট্রাকের বালুর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে ৫৫ বিজিবি। একই সঙ্গে মাধবপুর, চুনারুঘাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও গাঁজা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা পণ্য ও মাদকের মূল্য ১ কোটি ৬ লাখ ৭ হাজার ৪০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার বিকাল সোয়া ৩টায় সংবাদ পেয়ে মাধবপুরের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির বিশেষ টহল দল। সীমান্ত থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে মহাসড়কের পাশে একটি ডাম্পট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো ভারতীয় শাড়ি ও কসমেটিকস উদ্ধার করা হয়।
এদিকে, গত বৃহস্পতিবার রাতে সাতছড়ি বিওপি চুনারুঘাটের গারোটিলা এলাকায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ এবং একইদিন রাতে তেলিয়াপাড়া বিওপি মাধবপুরের ২০ নম্বর চা বাগান এলাকা থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। গতকাল শনিবার সকাল ৯টার দিকে সিন্দুরখান বিওপি শ্রীমঙ্গলের সিমাইলত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ হয়। তিন অভিযানে ১৪০ বোতল মদ ও ১০ কেজি গাঁজা, যার মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানালেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।



