খুলনায় অস্ত্র-গুলিসহ আশিক বাহিনীর ‘ক্যাডার শিবলী’ গ্রেপ্তার

খুলনায় গ্রেপ্তার সন্ত্রাসী আশিক গ্রুপের ‘ক্যাডার’ শিবলী হোসেন রুবেল— সঙগৃহীত
খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘ক্যাডার’ শিবলী হোসেন রুবেলকে (৪৬) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা ও সদর থানা পুলিশ।
গত বুধবার রাতে নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গ্রেপ্তার রুবেল রূপসার ইলাইপুর গ্রামের মজিবর আকনের ছেলে। তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সদস্য।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, গত মঙ্গলবার ভোর পৌঁনে ৪টার দিকে নগরীর দোলখোলা মতলেবের মোড়ে আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে সন্ত্রাসীরা। ওই ঘটনার সূত্র ধরে মহানগর গোয়েন্দা পুলিশ সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযু্িক্তর সহায়তায় সন্ত্রাসী শিবলী হোসেন রুবেলকে নিরালা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার শয়ন কক্ষ থেকে পুলিশ শপিং ব্যাগের মধ্যে প্যাচানো অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুরি উদ্ধার করে। গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
মহানগর গোয়েন্দা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহদুজ্জামান মিয়া জানান, রুবেল খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও সন্ত্রাসী আশিক গ্রুপের অন্যতম সদস্য ও ক্যাডার। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় থানায় মামলার প্রস্তুতি চলছে।







