ভারত যাচ্ছিলেন আ. লীগ নেতা, ইমিগ্রেশনে ধরা

ছবি: আগামীর সময়
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে তার পাসপোর্ট ব্লক থাকার বিষয়টি শনাক্ত হলে তাকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশি পাহারায় তাকে পাঠানো হয় আদালতে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন কামাল আহমদ। এ সময় ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্ট যাচাই করতে গিয়ে সেটি ব্লক থাকার বিষয়টি শনাক্ত করে।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় সিলেটের জালালাবাদ থানায় গ্রেপ্তার হয়েছিলেন কামাল আহমদ। মামলায় কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
কামাল আহমদ দীর্ঘদিন ধরে লিভারের সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এর আগেও উন্নত চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন তিনি।
জৈন্তাপুর মডেল থানার ওসি জানান, গত মাসে জৈন্তাপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কামাল আহমদকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।




