ময়মনসিংহে অটোচালককে হত্যা, এক আসামির মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২ জনের

ময়মনসিংহে অটোচালক হত্যা মামলার দণ্ড পাওয়া আসামিরা আদালতে। ছবি: আগামীর সময়
ময়মনসিংহে অটোরিকশার চালক নাজিম উদ্দিন হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।
আসামিদের মধ্যে মৃত্যুদণ্ড পেয়েছেন মো. পলাশ (২৫) এবং যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন তোফায়েল আহমেদ নাসিম (২১) ও মো. শাকিল (২২)। তাদের বাড়ি নগরীর মধ্য বাড়েরা এলাকায়।
এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৭ জানুয়ারি রাতে নাজিম উদ্দিন অটোরিকশা চালিয়ে সদরের গোপালনগর গ্রামে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। আসামিরা তার পথ আটকে ছুরিকাঘাত করে অটোটি ছিনিয়ে নেন।
হট্টগোল শুনে আশপাশের লোকজন গিয়ে অটোরিকশাসহ আসামি পলাশকে আটকে পুলিশে দেন। ঘটনাস্থলেই মারা যান নাজিম। পরে পলাশের দেওয়া তথ্যে গ্রেপ্তার করা হয় অন্য দুই আসামিকে।
নাজিম উদ্দিনের ছোট ভাই নাসির উদ্দিন তিনজনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আক্রাম হোসেন জানিয়েছেন, মামলার রায়ে খুশি নিহতের পরিবার। রায় দ্রুত কার্যকরের দাবি তাদের।







