দাবি সাবেক ছাত্রনেতার
ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়!

ছবি: আগামীর সময়
লক্ষ্মীপুরে ২০১৮ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে আটক, শারীরিক নির্যাতন, বিদ্যুৎ শক দেওয়া এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ তুলেছেন সাবেক ছাত্রনেতা মো. আব্দুর রহমান বিপ্লব।
এ ঘটনায় তৎকালীন লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন আব্দুর রহমান বিপ্লব।
তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক ক্যাম্পাস সেক্রেটারি ছিলেন বলে জানিয়েছেন।
লিখিত বক্তব্যে আব্দুর রহমান বিপ্লব বলেছেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সকালে তৎকালীন ওসি লোকমান হোসেনের নির্দেশে পুলিশ লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার চোখ বেঁধে হাতকড়া পরানো হয়। পরে থানায় নিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, ২০১৯ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একপর্যায়ে বিদ্যুৎ শক দেওয়া হয়। পরে গভীর রাতে পুলিশ সদস্যরা তাকে গাড়িতে তুলে রামগতি উপজেলার চর আলেকজান্ডার বেড়িবাঁধে নিয়ে যান। সেখানে মারধরের পাশাপাশি তাকে হত্যার ভয় দেখিয়ে শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
আব্দুর রহমান বিপ্লব আরও দাবি করেন, পরে তাকে রামগতি থানায় নিয়ে নির্যাতন করা হয় এবং শরীরে ইনজেকশন পুশ করা হয়। এরপর লক্ষ্মীপুর সদর থানায় নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তাকে সদর হাসপাতালে ভর্তি করতে হয়।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাকে ক্রসফায়ার থেকে বাঁচাতে এক কোটি টাকা দিতে হবে বলে তার বাবার কাছে দাবি করেন ওসি লোকমান হোসেন। পরে দালালদের মাধ্যমে ৭০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।
তার দাবি, সকাল ১০টার আগেই তার বাবার কাছ থেকে ওই টাকা নেওয়া হয়। এ সময় তার বাবা, মা ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেছেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৭ থেকে ৮টি মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর মধ্যে দুটি মামলায় তাকে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে তিনি উল্লেখ করেন।
আব্দুর রহমান বিপ্লবের অভিযোগ, এসব নির্যাতন ও মিথ্যা মামলার কারণে তিনি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। তার পরিবারেরও কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিপ্লবসহ ক্ষতিগ্রস্ত কয়েকজন ভুক্তভোগী বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তৎকালীন সময়ে বিভিন্ন সংগঠনের একাধিক ছাত্রনেতা ও কর্মী নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানির শিকার হয়েছিলেন। তাদের অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের পরও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা চাকরিতে বহাল রয়েছেন।
এ ঘটনায় তৎকালীন ওসি লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন আব্দুর রহমান বিপ্লবসহ ভুক্তভোগীরা।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




