অটোভ্যানে পিকআপের ধাক্কা, বাবার সঙ্গে প্রাণ গেল ছোট্ট মেয়েরও

গ্রাফিকস: আগামীর সময়
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের ধাক্কায় অটোভ্যানে থাকা বাবা ও তার ছয় বছরের মেয়ে নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাইফুল ইসলাম রঞ্জু ও তার মেয়ে সামিরা আক্তার। তাদের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামে। তারা দুজনই অটোভ্যানের যাত্রী ছিলেন।
মুকসুদপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানালেন, ঢাকা থেকে আসা মাছবাহী একটি পিকআপ গেড়াখোলা ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত দুজনের মরদেহ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।



