রংপুরে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

সংগৃহীত ছবি
রংপুরের গঙ্গাচড়ায় ৩ কেজি গাঁজাসহ মর্জিনা বেগম (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শুক্রবার (৩০ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইস্লি গ্রামের একটি পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল পূর্ব ইস্লি গ্রামের আবুল মালেকের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় মর্জিনা বেগমের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মর্জিনা বেগম রংপুরের কাউনিয়া উপজেলার গোপাল গ্রামের মো. মকবুল হোসেনের স্ত্রী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে তাকে ও উদ্ধার করা গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর আগামীর সময়কে বলেন, এসআরবি-১৩-এর অভিযানে গ্রেপ্তার নারী ও উদ্ধার করা গাঁজা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




