কিশোরকে আটক করে নির্যাতন
কোস্ট গার্ড কমান্ডারের নামে মামলা নিতে আদালতের নির্দেশ

গ্রাফিকস: আগামীর সময়
বরগুনার পাথরঘাটায় এক কিশোরকে আটক করে নির্যাতনের অভিযোগে কোস্ট গার্ডের কয়েক কর্মকর্তার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
এদের মধ্যে রয়েছেন কন্টিনজেন্ট কমান্ডার মো. সুজাউদ্দিন মাহমুদসহ অজ্ঞাতপরিচয় আরও ছয়-সাতজন। এ ঘটনায় বরগুনা পুলিশ সুপারকে আগামীকাল মঙ্গলবার আদালতে হাজির হয়ে মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
রবিবার পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. পনির শেখ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. মুবিন।
আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিসের সামনে থেকে ইয়াবাসহ কয়েকজনকে আটক করেন কোস্ট গার্ড সদস্যরা। এদের মধ্যে ছিল ওই কিশোর। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার সঙ্গে কথা বলেন। এ সময় আটকের পর নির্যাতনের অভিযোগ তোলে ছেলেটি।
আদালত তার জবানবন্দি নিয়ে প্রাথমিকভাবে নির্যাতনের অভিযোগের সত্যতা পেয়েছেন বলে উল্লেখ করে আইন অনুযায়ী মামলা নেওয়ার নির্দেশ দেন।
বেঞ্চ সহকারী মো. মুবিন জানান, জবানবন্দি ও ধারণকৃত আলামত পর্যালোচনা করে আদালত কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সুজাউদ্দিন মাহমুদসহ অজ্ঞাতপরিচয় ছয় থেকে সাতজনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন।




