পশু জবাই ও মাংস কাটতে গিয়ে চাঁদপুরে আহত শতাধিক

ছবি: আগামীর সময়
চাঁদপুরে পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভিড় করেছেন অনেকে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে রাত পর্যন্ত চাঁদপুর সদরে প্রায় শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের সময় অসাবধানতাবশত অনেকের হাতের আঙুল, পা ও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। এ ছাড়া গরুর লাথি, গুঁতা ও শিংয়ের আঘাতে আহত হয়েছেন অনেকে। কারও কারও হাত-পায়ের হাড়ও ভেঙেছে।
আহতদের মধ্যে চাঁদপুর শহরের রাজ্জাক, রবিউল, তাজুল মিজি, রাহিমা ও ইয়াহিয়াসহ অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহতদের কয়েকজন জানালেন, প্রতি বছরের মতো এবারও তারা কোরবানির কাজে অংশ নিয়েছিলেন। পেশাদার কসাই না হলেও কোরবানির সময় কাজ করার আনন্দ আলাদা। তবে অসাবধানতার কারণে তারা আহত হয়েছেন। পরে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শর্মিষ্ঠা দে জানালেন, ঈদের দিন সকাল থেকেই হাসপাতালে আহত রোগীর চাপ ছিল। প্রায় শতাধিক রোগী চিকিৎসা নিয়েছিল। কেউ গরুর শিংয়ের আঘাতে, আবার কেউ ছুরি চালাতে গিয়ে আহত হয়েছেন। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।






