কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী পালিত

সংগৃহীত ছবি
রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের অগ্রপথিক ও বৃহত্তর কুমিল্লার কৃতী সন্তান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার কান্দিরপাড় এলাকার দেশপ্রিয় কনভেনশন হলে ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ পরিষদ, কুমিল্লা’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক ড. শাহ্ মো. সেলিম, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ তাপস বকশী ও সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ারসহ বক্তারা বক্তব্য দেন।
বক্তারা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণ, তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
তারা জানান, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে জাতীয়ভাবে সম্মানিত করার লক্ষ্যে স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাসে তার অবদান যথাযথভাবে তুলে ধরা এবং তার স্মৃতি সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।



