শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-মেয়ের

গ্রাফিকস: আগামীর সময়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মোসা. মিলি খাতুন (৪৫) এবং তাদের মেয়ে লিমা খাতুন (১৬)। লিমা মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতদের নিকটাত্মীয় আব্দুল বাসির জানিয়েছেন, রবিবার সকালে বাড়ির সামনে নিজেদের দোকানের গেট খুলতে যান মিলি খাতুন। এ সময় দোকানঘরটি বিদ্যুতায়িত থাকায় দোকানের নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যায় মেয়ে লিমা। এ সময় সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাটি দেখে মিলির আট বছর বয়সী তৃতীয় মেয়ে লাবনী চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তারা মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানিয়েছেন, মা ও মেয়ের মরদেহ বর্তমানে হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




