সখীপুর
রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা মালিককে ফেরত দিলেন দুই যুবক

মো. রাহাত ও সোহান সুমন। সংগৃহীত ছবি
টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন দুই যুবক।
দুই যুবক হলেন, উপজেলার মহানন্দপুর গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে মো. রাহাত ও আব্দুল মতিনের ছেলে সোহান সুমন।
স্থানীয়রা জানান, গত শনিবার দুপুরের দিকে ঘুরতে বের হয়ে বড়চওনা-কালিহাতী সড়কে ৮০ হাজার টাকা পড়ে থাকতে দেখেন রাহাত ও সোহান। পরে টাকার মালিককে খুঁজে বের করার জন্য ওই এলাকা ও পার্শ্ববর্তী এলাকায় মাইকিং করা হয়। উপযুক্ত প্রমাণের মাধ্যমে টাকার মালিক মো. আজিজুলকে শনাক্ত করা হয়। তার বাড়ি কালিহাতী উপজেলার সরিষাআটা গ্রামে।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে ওই টাকা আজিজুলের হাতে তুলে দেন রাহাত ও সোহান।
হারিয়ে যাওয়া টাকা পুনরায় হাতে পেয়ে আজিজুল জানিয়েছেন, তিনি খুব খুশি হয়েছেন এবং দুই যুবকের জন্য প্রাণভরে দোয়া করেছেন। সততা, নিষ্ঠা ও মানবিকতার কারণে স্থানীয়দের কাছে তারা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন তিনি।
স্থানীয় বাসিন্দা আবদুল লতিফ মিয়া জানান, রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিককে ফেরত দেওয়ার মাধ্যমে ওই দুই যুবক মহৎ মানসিকতার পরিচয় দিয়েছেন। এমন সততা সত্যি অনুকরণীয়। সততার মাধ্যমে জীবনে প্রশান্তি খুঁজে পাওয়া সম্ভব বলে জানিয়েছেন তিনি।





