নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ আতঙ্ক, আটক চক্রের ৩

ছবি: আগামীর সময়
কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া 'শয়তানের নিঃশ্বাস' চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ।
আজ রবিবার বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।
এর আগে মামলার পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলার পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার আবু হাসান, বাবু এবং সবুজ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের ভাষ্য, কয়েক মাসে নওগাঁর একদল অপরাধী শহরের কয়েকটি স্থানে বয়স্ক মহিলাদের টার্গেট করে। এরপর তারা কথিত শয়তানের নিঃশ্বাসের নামে মহিলাদের সম্মোহিত করে অলংকার এবং টাকা পয়সা হাতিয়ে নেয়।
পুলিশ সুপার বলেন, এই কেমিক্যালটা কোনোভাবে কাউকে নাকে প্রয়োগ করলে সেই ব্যক্তি কিছু সময়ের জন্য স্মৃতিভ্রম হয়ে যান। অপরাধীর কথামতো কাজ করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আক্রান্ত ব্যক্তি নিজেই তার কানের দুল স্বর্ণালংকার এবং টাকা পয়সা অপরাধীর হাতে স্বেচ্ছায় তুলে দেন।
এ সংক্রান্তে নওগাঁ থানায় মোট তিনটি মামলা হয়। সেই সকল মামলার প্রেক্ষিতে পুলিশ বেশ কয়েকবার নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায়।
পুলিশ সুপার আরও উল্লেখ করেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় চক্রটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় রয়েছে। এ ছাড়া তাদের আট থেকে দশটি গ্রুপ রয়েছে। তারা দেশের বিভিন্নস্থানে মানুষকে কেমিক্যাল প্রয়োগ করে এ ধরনের অপরাধ করে বেড়ায়।




