মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যায় শিশুটি।
৩ মাস বয়সী শিশুটির বাড়ি নেত্রকোনার বনুয়াপাড়া গ্রামে।
গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মমেক হাসপাতালে ভর্তি হয় শিশুটি। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট ৬৬ শিশুর মৃত্যু হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসক ডা. গোলাম মাওলা।
তিনি জানান, শিশুটির হামের উপসর্গ ছাড়াও নিওমোনিয়া ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে ১৮ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৯ শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন আছে ৯০ শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মমেক হাসপাতালে মোট ৩ হাজার ১০৩ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৯৪৭ শিশু।





