কুষ্টিয়া
উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত, বখাটের খোঁজে পুলিশ

ছবি: আগামীর সময়
কুষ্টিয়া শহরের থানা পাড়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে বাড়ির গেটের সামনে এ হামলার শিকার হয় সে। এ ঘটনায় অভিযুক্ত ইমন নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোচিংয়ে যাতায়াতের পথে জাকিয়াকে উত্ত্যক্ত করে আসছিল মজমপুর এলাকার ইমন। বিষয়টি তার পরিবারকে জানানোর পর ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে জাকিয়ার ওপর হামলা চালায় সে।
জানা গেছে, সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া স্কুল থেকে বাসায় ফিরে থানা পাড়ার কিচেন ক্লাবসংলগ্ন ভাড়া বাসার গেটে দাঁড়িয়েছিল। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ইমন ধারালো ছুরি দিয়ে তার ওপর হামলা চালায়। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী ছুরি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা আহত জাকিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জাকিয়ার হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পিএমসি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তার ক্ষতস্থানের চিকিৎসা ও ড্রেসিং চলছে।
কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেছেন, কিশোরীর হাত ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে হাসপাতালে আনার পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে আশঙ্কামুক্ত। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।




