ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি ন্যায়বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
মির্জা ফখরুল বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে। এর ফলে দেশের সামনে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি জানান, গণতন্ত্রের ধারাবাহিক চর্চা অব্যাহত থাকলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানও কার্যকরভাবে পরিচালিত হবে। একই সঙ্গে স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে সাধারণ মানুষ প্রকৃত ন্যায়বিচার পাবে এবং দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে।
মন্ত্রী জানান, রাষ্ট্রের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা জরুরি। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করা গেলে গণতন্ত্র শক্তিশালী হবে এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ আইনজীবী, বিচারাঙ্গনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







