পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধারা নিউজের সাংবাদিকের স্ত্রী-কন্যাসহ নিহত ৩

সংগৃহীত ছবি
পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন থ্রি-হুইলার অটোরিকশার তিন যাত্রী। তাদের মধ্যে রয়েছেন অনলাইন সংবাদমাধ্যম ধারা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আলী আজগর খোকনের স্ত্রী ও সাত বছরের মেয়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈগিল্লা দীঘি এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত ব্যক্তিরা হলেন আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম (৩২), তাদের মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি (৭) এবং সাকোয়া ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী প্রমিলা রানী।
আহত পাঁচজন হলেন সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তার মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, যাত্রীবোঝাই থ্রি-হুইলার অটোরিকশাটি সাকোয়া বাজার থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈগিল্লা দীঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরে মাহমুদা খানম ও তার মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রমিলা রানী।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




