বগুড়ার শেরপুর
পুকুর দখল নিয়ে বিরোধ, বিষে মরল সাড়ে পাঁচ লাখ টাকার মাছ

ছবি: আগামীর সময়
বগুড়ার শেরপুরে পুকুর দখল নিয়ে বিরোধের জেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবীন্দ্রনাথ হাওয়ালদার নামে এক মাছচাষি তিনজনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝাজর গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ হাওয়ালদার পৈতৃক সূত্রে খামারকান্দি মৌজায় ১৮৫ শতক (সাড়ে পাঁচ বিঘা) আয়তনের একটি পুকুরের মালিক। দীর্ঘদিন ধরে পুকুরটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৮ নভেম্বর সকাল ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা লাঠিসোঁটা ও হাসুয়া নিয়ে পুকুরে শ্যালো মেশিন বসিয়ে পানি সেচ শুরু করেন। এতে বাধা দিলে রবীন্দ্রনাথকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ সময় তাকে একা পেলে মারধরের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রবীন্দ্রনাথের অভিযোগ, সেদিন রাতে পুকুর থেকে বড় আকারের মাছ ধরে নিয়ে যাওয়ার পাশাপাশি অবশিষ্ট মাছের মধ্যে বিষ প্রয়োগ করা হয়। এতে পুকুরের মাছ মরে যায়। সব মিলিয়ে তার প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
রবীন্দ্রনাথ হাওয়ালদার বলেছেন, ‘এটি আমাদের পৈতৃক সূত্রে পাওয়া পুকুর। বিবাদীরা পুকুরটি নিজেদের বলে দাবি করলে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) উভয়পক্ষকে নিয়ে বসেন। তারা কোনো কাগজপত্র দেখাতে না পারায় আমাকে পুকুরে মাছ চাষের অনুমতি দেওয়া হয়। এরপর ঋণ করে পুকুরে মাছ ছাড়ি। কিন্তু সেই মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। এতে আমি আর্থিকভাবে নিঃস্ব।’
স্থানীয় বাসিন্দা আব্দুল মমিন বলেন, ‘রবীন্দ্রনাথকে পুকুরে মাছ চাষের অনুমতি দেওয়ার পর তিনি মাছ চাষ শুরু করেন। প্রায় চার মাস ধরে মাছগুলো বড় হচ্ছিল। এর মধ্যে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তিনি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ‘পুকুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’



