তেল না থাকলে এত বড় লংমার্চ করে কীভাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর

ছবি: আগামীর সময়
জ্বালানি সংকট নিরসনসহ বিভিন্ন দাবিতে বিরোধী দলের লংমার্চের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
‘বিরোধী দল বলে দেশে তেল নেই। তাহলে এত বড় লংমার্চ তারা কীভাবে হাজার হাজার গাড়ি নিয়ে করছে?’ এই প্রশ্ন ছুড়েছেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেলে দলের ফরিদপুরের নগরকান্দা উপজেলা কমিটি আয়োজিত সমাবেশে এ প্রশ্ন তোলেন স্থানীয় সংসদ সদস্য শামা ওবায়েদ।
এদিন সকালেই গাড়িবহর নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ শুরু করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে তাদের এই কর্মসূচি।
এই কর্মসূচির দিকে ইঙ্গিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল নিজেরাও জানে, দেশে কোনও সমস্যা নেই। কোনও ‘ইস্যু’ না পেয়ে তারা লংমার্চ করছে।
বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহ্বান জানান তিনি।
এ মাসে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, সাধারণ অধিবেশনে বিএনপি সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় জাতীয় স্বার্থ তুলে ধরবেন তারেক রহমান।
সরকার প্রধান হিসেবে এই প্রথম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন তারেক রহমান।
শামা ওবায়েদ বলেন, এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষার প্রতীক। প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে উপস্থাপন করবেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এবারের সাধারণ অধিবেশনে সভাপতির আসন নেওয়াটা বাংলাদেশের জন্য বাড়তি তাৎপর্য বহন করছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ নগরকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে শোভাযাত্রায়ও অংশ নেন। এরপর উপজেলার এম এন একাডেমি স্কুল মাঠে গাছের চারা রোপণ করেন। কুমার নদীতে মাছের পোনা অবমুক্তও করেন তিনি।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা হাফেজ শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান।





