যুবলীগের কমিটিতে ইসলামী আন্দোলনের নেতার নাম!

ইসলামী আন্দোলনের নেতা এস এম মঞ্জুরুল ইসলামের সংবাদ সম্মেলন
ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সদ্যঘোষিত কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন ইসলামী আন্দোলনের যদুনন্দী ইউনিয়ন শাখার সভাপতি এস এম মঞ্জুরুল ইসলাম। তবে যুবলীগের ওই কমিটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মঞ্জুরুল ইসলাম।
এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সালথা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে মঞ্জুরুল ইসলাম বলেন, ‘সদ্যঘোষিত সালথা উপজেলা যুবলীগের কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক পদে যে নাম উল্লেখ করা হয়েছে, সেটি আমার। কিন্তু আমি এ পদ গ্রহণ করিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
দীর্ঘদিন ধরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ভবিষ্যতেও এ দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
মঞ্জুরুল ইসলাম জানান, যুবলীগের কমিটিতে নাম আসার খবরে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। এ কারণেই সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করলেন।
যুবলীগের কমিটিতে তার নাম কীভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। পাশাপাশি এ ঘটনা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধও জানান।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতানের মোবাইলে একাধিকবার ফোন করলেও তারা ফোন রিসিভ করেননি।



