১০ বছরেও বেতন নেই শিক্ষকদের, পাড়াবাসীর অর্থায়নে চলছে বিদ্যালয়

দীর্ঘ ১০ বছর ধরে বিনা বেতনে পাঠদান করে আসছেন শিক্ষক-শিক্ষিকারা, ছবি: আগামীর সময়
বান্দরবানের থানচির দুর্গম তংক্ষ্যং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ১০ বছর ধরে বিনা বেতনে পাঠদান করে আসছেন শিক্ষক-শিক্ষিকারা। পাড়াবাসীর আর্থিক সহযোগিতা ও শিক্ষকদের ব্যক্তিগত উদ্যোগে কোনোভাবে পরিচালিত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন ধরে পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক সহযোগিতা না পাওয়ায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-শিক্ষিকাদের বেতন-ভাতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
তবে সম্প্রতি বিদ্যালয়টির উন্নয়নে কিছু সহায়তা পাওয়া গেছে। এর মধ্যে হোস্টেল মেরামতের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ এবং উপজেলা পরিষদের তহবিল থেকে একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা (সোলার সিস্টেম) অনুদান হিসেব দেওয়া হয়েছে।
তংক্ষং পাড়াবাসী সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের মাধ্যমে বিদ্যালয়ের হোস্টেল মেরামতের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
এ ছাড়া থানচি উপজেলা পরিষদের তহবিল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফয়সালের উদ্যোগে বিদ্যালয়টিকে একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা অনুদান হিসেবে দেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, এসব সহায়তা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় কিছুটা স্বস্তি এনেছে। তবে এককালীন অনুদান ও সৌরবিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি বিদ্যালয়টির দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ। বিশেষ করে শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সরকারি-বেসরকারি সহযোগিতা জরুরি।
দীর্ঘ ১০ বছর ধরে বিনা বেতনে পাঠদান করে আসা শিক্ষক-শিক্ষিকাদের শ্রম ও পাড়াবাসীর আর্থিক সহযোগিতায় টিকে রয়েছে দুর্গম পাহাড়ের এই শিক্ষাপ্রতিষ্ঠান। এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ ও সৌরবিদ্যুৎ ব্যবস্থা প্রদান ইতিবাচক উদ্যোগ হলেও বিদ্যালয়টির স্থায়ী উন্নয়ন এবং শিক্ষকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের শিক্ষার অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ, প্রশাসন এবং দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।




