আলোর মিছিলে বাইসাইকেল র্যালিতে ত্রাণমন্ত্রী

ছবি: আগামীর সময়
মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়েসহ ১৩টি সামাজিক অপরাধ দূর করার প্রত্যয় নিয়ে লালমনিরহাটে সচেতনতামূলক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে নেতৃত্ব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ রবিবার সকালে লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠ থেকে র্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সদর উপজেলার বড়বাড়ি বাজারে গিয়ে শেষ হয়।
আয়োজকেরা জানান, সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক অপরাধের প্রবণতা রয়েছে। এসব অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গত জুলাই মাসে ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক আন্দোলনের যাত্রা শুরু হয়। প্রথমে সদর উপজেলায় কার্যক্রম শুরু হলেও সম্প্রতি তা পুরো জেলায় ছড়িয়ে পড়েছে। আন্দোলনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির অংশ হিসেবে এ বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে আন্দোলনের সদস্যরা একই পোশাক পরে বাইসাইকেল নিয়ে অংশ নেন। তাদের নেতৃত্বে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।
একই পোশাকে সারিবদ্ধভাবে বাইসাইকেল চালিয়ে অংশগ্রহণকারীরা শহরের সড়কগুলো প্রদক্ষিণ করেন। তাদের এ ব্যতিক্রমী আয়োজন দেখতে সড়কের পাশে দাঁড়িয়ে যান পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
আয়োজকেরা আরও জানান, ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের কর্মসূচি ও সাফল্যের চিত্র দেখতে আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক অপরাধমুক্ত জেলা তথা দেশ গড়ার প্রত্যয় নিয়ে আন্দোলনের সদস্যরা কাজ করছেন।



