ফুলবাড়িয়া
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ইদ্রিস আলী ফকির (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতীলেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী ফকির এলাকার সাবান আলী ফকিরের ছেলে।
রাঙামাটিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ জানান, সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় ইদ্রিস আলী ফকির ছাতা মাথায় দিয়ে মাঠে গরু আনতে যান। মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফুলবাড়িয়া থানার ওসি মোহা. রাশেদুল হাসান জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




