গাংনীতে বাঁশের বেড়ায় আটকা চলার পথ, নিরাপত্তাহীনতায় বৃদ্ধের পরিবার

গ্রাফিকস: আগামীর সময়
বাড়ি থেকে বের হওয়ার পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নিজের বাড়িতেই অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বৃদ্ধ ডালিমন নেছা ও তার পরিবার। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের বিরুদ্ধে চলাচলের পথ বন্ধ করে দেওয়া এবং বাঁশ দিয়ে পিটিয়ে পরিবারের তিন সদস্যকে আহত করার অভিযোগও করেছেন তারা।
পরিবারটির অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আরজেল, বাবুল হোসেন ও আবুল হোসেন তাদের ওপর নির্যাতন চালিয়ে আসছেন। প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে বৃদ্ধা ও তার পরিবারের সদস্যদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডালিমন নেছার স্বামী প্রয়াত ইয়াদ আলীর নামে সাড়ে ১৬ শতাংশ জমি ছিল। মেয়ের বিয়ের খরচ জোগাতে ওই জমির কিছু অংশ প্রতিবেশীদের কাছে বিক্রি করেন তিনি। অভিযোগ, সাড়ে পাঁচ শতাংশ জমি কেনার পর থেকেই ক্রেতারা বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেন।
ডালিমন নেছা ও তার ছেলে নাহারুল ইসলামের অভিযোগ, চলাচলের পথ বন্ধ করার প্রতিবাদ জানালে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করেন। বাঁশ দিয়ে পিটিয়ে পরিবারের তিন সদস্যকে আহত করা হয়।
এ বিরোধ নতুন নয়। ভুক্তভোগী পরিবারের দাবি, গত বছরও একইভাবে তাদের বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এ নিয়ে গাংনী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে স্থানীয় কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসেনের মধ্যস্থতায় পথটি খুলে দেওয়া হয়। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গাংনী থানার ওসি মুহাদ্দিদ মুর্শেদ।



