সুন্দরবনে ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

আত্মসমর্পণ করা ১৫ জলদস্যু
সুন্দরবনে সক্রিয় ১৫ জন জলদস্যু স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি) এর কাছে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে আব্দুল্লাহ গ্রুপের ৮ জন ও মজিদ গ্রুপের ৭ জন সদস্য রয়েছেন।
এসআরবি-৬-এর উপঅধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, গত শুক্রবার সন্ধ্যায় এসব জলদস্যু আত্মসমর্পণ করেন।
তিনি বলেন, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জলদস্যু ও বনদস্যুদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এসআরবি-৬-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা, সুন্দরবনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধজীবনের অনিশ্চয়তার কারণে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহ প্রকাশ করছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার আলিফ বাহিনীর আব্দুল্লাহ গ্রুপের ৮ জন ও মজিদ গ্রুপের ৭ জন সদস্য আত্মসমর্পণ করেন।
মেজর মো. নাজমুল ইসলাম আরও বলেন, ‘জলদস্যুদের আত্মসমর্পণের ফলে সুন্দরবনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বনজ সম্পদের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি, মৌয়ালসহ অন্যান্য বনজীবীর নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ সুরক্ষিত হবে।’
তিনি জানান, আত্মসমর্পণকারী জলদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে।



