বিরোধ মেটাতে এসে থানার সামনেই দুই পক্ষের সংঘর্ষ

সংগৃহীত ছবি
বিরোধ মেটাতে থানায় এসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে থানার ফটকসংলগ্ন সড়কে এ সংঘর্ষে অন্তত দুজন আহত হন। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই পক্ষের পাঁচজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন মো. আলা উদ্দিন ওরফে সোহেল, ইমতিয়াজ চৌধুরী, মো. আজগর আলী, জাহিদুল ইসলাম সাব্বির ও মাইন উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ছোটধলী গ্রামের দুবাইপ্রবাসী মো. আলাউদ্দিন ওরফে সোহেলের সঙ্গে প্রায় এক বছর আগে মুঠোফোনে বিয়ে হয় কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লামছি প্রসাদ গ্রামের মাশরুপা আক্তারের (১৯)। প্রায় তিন মাস আগে সোহেল দেশে ফেরেন। এরপর বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।
এ ঘটনায় করা একটি অভিযোগের তদন্তের অংশ হিসেবে সোমবার রাত ৮টার দিকে দুই পক্ষের প্রতিনিধিরা থানায় আসেন। অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক জয়দাস গুপ্ত বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার পরামর্শ দেন। পরে রাত পৌনে ৯টার দিকে দুই পক্ষের লোকজন থানা থেকে বের হওয়ার সময় ফটকসংলগ্ন সড়কে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. হাবীবুর রহমান বলেন, ‘একটি পারিবারিক বৈঠক শেষে চলে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সঙ্গে সঙ্গে উভয় পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে।’
তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।




