কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার বরুড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে জুনাইরা ও তাসলিমা নামে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার শাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের সন্তান।
স্থানীয়রা জানায়, আজ সকালে বাড়ির পাশে খেলছিল যমজ দুই শিশু। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।
এরপর দুই শিশুকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানিয়েছেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।






