চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির

সংগৃহীত ছবি
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সালাম পারভেজ ফকির। গতকাল মঙ্গলবার জোহর নামাজের পর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের নিকরাইল পলশিয়া রানী দিনমণি উচ্চবিদ্যালয় মাঠে হয় তার জানাজা। এরপর নলুয়া কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থানে দাফন করা হয় তাকে।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ সেপ্টেম্বর মারা যান এই বীর মুক্তিযোদ্ধা। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সালাম পারভেজ ফকির সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের চাচা। জানাজার আগে চাচার স্মৃতিচারণা করেন তিনি। বললেন, ‘চাচা হলেও তিনি ছিলেন আমার বন্ধুর মতো। তিনি মুক্তিযুদ্ধের সূর্যসৈনিক। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি। তার সঙ্গে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি, তিনি তাদেরই একজন।’ বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরের জন্য সবার কাছে দোয়া চান মন্ত্রী।
জানাজায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম, উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, ধনবাড়ী উপজেলা বিএনপি সভাপতি এম আজিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।



