চাঁদপুরে কিশোরের মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ

ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হত্যার বিচারের দাবিতে নিহতের মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেন - আগামীর সময়
চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরের বাঁশের লাঠির আঘাতে নিহত হয়েছে মো. ইয়াছিন (১৪) নামে আরেক কিশোর। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হত্যার বিচারের দাবিতে নিহতের মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেছেন। বুধবার সকাল ১১ টায় শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে বিচারের দাবি করেন।
নিহত ইয়াছিন ওই এলাকার মো. ইলিয়াছ মিয়ার ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।
স্বজনদের অভিযোগ, মঙ্গলবার সকালে এলাকার একটি জামগাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে দুই কিশোরের বাগবিতণ্ডা ও মারধর হয়। এ সময় ইয়াছিন এগিয়ে এলে এক কিশোর তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ জানান, মূলত কিশোর হত্যার বিচারের দাবিতে সড়কে বিক্ষোভ করেছে কিছু মানুষ। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে থানায় মামলা করতে বলেছি।




