শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: আগামীর সময়
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছে, নেশার টাকা ও পারিবারিক বিরোধ নিয়ে সোমবার গভীর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার। একপর্যায়ে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার তার বাবার মাথা ও বুকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় আব্দুস সামাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আনোয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক আনোয়ারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।




